প্রকাশের তারিখঃ Jan 1, 2026 ইং
মুঠোফোনে ১০% শুল্কছাড়ের সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: দেশে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনে শুল্কছাড় দিয়েছে সরকার। মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারী) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে শুল্কছাড়ের এ সিদ্ধান্ত হয়।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব বলেন, মুঠোফোন আমদানিতে কাস্টমস ডিউটি কমানো হয়েছে। সেটা আগে ছিল ২৫ শতাংশ। এখন দিতে হবে ১০ শতাংশ। দেশে মুঠোফোন উৎপাদনকারীদের জন্য কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে আশা করা হচ্ছে, বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও ব্যাপকতা পাবে। অনেকেই বাংলাদেশে মুঠোফোন উৎপাদনে আগ্রহী হবে।
নতুন বছরে শিক্ষার্থীদের বই দেওয়া প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ১৫ জানুয়ারির মধ্যে সবগুলো পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া সম্ভব হবে। শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ১২৩টি পুস্তকের ভুল সংশোধন করা হয়েছে।
এসময় প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, মোট পাঠ্যপুস্তকের ৮৩ শতাংশ বই শিক্ষার্থীদের তুলে দেওয়া হয়েছে। সময়মতো যেন বাকি পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া যায়, সে জন্য সরকার কাজ করছে।
Copyright © 2026 All rights reserved.